
নিজস্ব প্রতিনিধি, বোয়ালখালী, চট্টগ্রাম:
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বোয়ালখালীতে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও শহীদুল্লাহ চৌধুরী।
এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, সদস্য শাহ আলম বাবলু ও সাহেদ হোসাইন ছোটনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
🌱 সবুজ হোক বোয়ালখালী, সমৃদ্ধ হোক বাংলাদেশ।

