বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মো. শিপন (৩০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে শিপনকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট মামলা নং-১০৩/২৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শিপন চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চাঁন্দগাও এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
