বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই
বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি ভাড়াবাসার ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভাড়াটিয়ারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াবাসার মালিক জামাল সওদাগর জানান, আগুনে তাঁর ভাড়াবাসার ১৩টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ভাড়াটিয়ারা কোনো মালামালই রক্ষা করতে পারেননি। এছাড়া নাছিমা বেগমের নগদ ১০ হাজার টাকা, একটি মুদির দোকান ও একটি বেকারির মালামালও পুড়ে গেছে।
তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
