বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু আর নেই

বোয়ালখালী সংবাদ :
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

হাজি আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার প্রতিষ্ঠাকালীন ও প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এছাড়া তিনি বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বোয়ালখালী সংবাদ পরিবার ও বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সাংসদ আবু সুফিয়ান বোয়ালখালীর প্রথম মেয়র হাজি আবুল কালাম আবু মৃত্যুতে শোক প্রকাশ করে।

বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমাও সাবেক মেয়র হাজি আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম হাজি আবুল কালাম আবুর মৃত্যুতে বোয়ালখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।