বোয়ালখালীতে উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

আলহামদুলিল্লাহ, অচিরেই লাইব্রেরিটির উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বোয়ালখালী উপজেলায় জ্ঞানচর্চার প্রসার, বইপাঠের অভ্যাস গড়ে তোলা এবং সর্বস্তরের মানুষের জন্য জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীসহ সব বয়সী জ্ঞানপিপাসু মানুষ এখানে এসে বই পড়তে, জ্ঞান অর্জন করতে এবং নিজেদের মনন ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করতে পারবেন।

পাশাপাশি, লাইব্রেরিকে কেন্দ্র করে একটি বইপড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং নতুন প্রজন্মকে বইমুখী করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

উদ্যোক্তাদের প্রত্যাশা, ‘লাইসিয়াম’ একসময় বোয়ালখালীর জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতার একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে।

বই হোক নিত্যসঙ্গী, জ্ঞান হোক আলোকবর্তিকা।