বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদ, ১৭ অক্টোবর ২০২৬:

চট্টগ্রামের বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভার কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের কালুরঘাট পানামা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাইজ্জাকাটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কবির আহাম্মদ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজম খাঁন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ৫ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।