বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার

প্রভাস চক্রবত্তী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরার ঐতিহ্যবাহী বীণাপাণি পূজা মন্দির পরিদর্শন করেছেন মেধস মুনির আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী দীপানন্দগিরি ও অতিরিক্ত পুলিশ সুপার বাবুল বণিক।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা নান্দনিক শিল্পকর্ম, অনন্য স্থাপত্যশৈলী এবং দুর্গার অসুর নিধনের বিষয়বস্তু অবলম্বনে নির্মিত শিল্পকর্ম ঘুরে দেখেন। মন্দিরটির ঐতিহ্য ও শৈল্পিক সৌন্দর্য তাঁদের মুগ্ধ করে।

এ সময় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ উল্লেখ করে বক্তারা বলেন, এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক প্রবীর চৌধুরী, শিক্ষক যদু চৌধুরী, ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, ইউপি সদস্য প্রদীপ সূত্রধর ও মোহাম্মদ হোসাইন, বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) শান্তিময় চাকমা, তরুণ সমাজসেবক সুব্রত চৌধুরী, ডিএসবির কনস্টেবল রবিউল তালুকদার ও ফেরদৌস বেগম এবং স্থানীয় বিএনপি নেতা মুজিবুর রহমান তৌহিদ।

এ ছাড়া মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।