বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা
প্রভাস চক্রবত্তী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে ৮ নম্বর ওয়ার্ডের বলাই ঠাকুরের বাড়িতে প্রয়াত পরিমল চক্রবর্ত্তীর বসতঘরে এ ঘটনা ঘটে। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ঘটনায় প্রয়াত পরিমল চক্রবর্ত্তীর বড় ছেলে বিকাশ চক্রবর্ত্তী শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির কারণে পরিবারের সদস্যরা শহরে বসবাস করায় বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। আগুনে টিনের দোচালা বসতঘর, আসবাবপত্র, গৃহস্থালির বিভিন্ন সামগ্রী ও জমির মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
ভুক্তভোগী বিকাশ চক্রবর্ত্তী বলেন, “আমরা তিন ভাই ও চার বোন। কয়েক বছর আগে আমার মেজভাই স্ট্রোক করে মারা যান। চাকরির কারণে আমাদের শহরে থাকতে হয়। বাড়িতে থাকার মতো কেউ না থাকায় ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়েছিল।”
তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হচ্ছিল। ওই বিরোধের জের ধরে বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তাঁর সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, বাড়িটিতে কেউ বসবাস করেন না। বখাটেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
