বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: হত্যা মামলায় দুই নারী গ্রেপ্তার, মূল আসামি পলাতক
বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিজাম উদ্দিন (৪৫) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শাশুড়ি হালিমা বেগম (৭০) ও ছোট ভাইয়ের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে ঘটনার প্রধান আসামি জামাল উদ্দিন সুমন (৩৬) এখনও পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা (১৯) বাদী হয়ে দেবর জামাল উদ্দিন সুমন, শাশুড়ি হালিমা বেগম এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকে আসামি করে বোয়ালখালী থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত নেজাম উদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি লালারহাট এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের সঙ্গে ছোট ভাই সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন কোদালের হাতলের মতো একটি লাঠি দিয়ে নেজাম উদ্দিনের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সুমন আত্মগোপনে রয়েছেন।
শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুরুল হক জানান, নেজাম উদ্দিন তার ভাতিজির স্বামী। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নেজাম নিজ বাড়িতে না থেকে রাতে শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরও জানান, নেজাম জানতে পারেন বাড়িতে তার ভাইয়েরা কাজ করছেন। বিষয়টি দেখতে গেলে সেখানে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে বিরোধ চলছিল এবং তাকে বাড়িতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। তার মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন ছিল।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতের স্ত্রীর দায়ের করা মামলাটি মামলা নং-১৩, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

