বোয়ালখালীতে যুবলীগ নেতা জাকের হোসেন বাচা গ্রেপ্তার
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাকের হোসেন বাচা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকের হোসেন বাচা পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, জাকের হোসেন বাচা ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।