বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পূর্ব কালুরঘাটে টি কে গ্রুপের ইন্ডাস্ট্রির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান টি কে গ্রুপের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বোয়ালখালীর মানুষকে বিদ্যুৎ সংকটে রেখে কোনো শিল্পপ্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না। সাবস্টেশন সরানোর বিষয়ে দ্রুত আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আজিজুল হক বলেন, “আমরা যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাই, ঘুমাতে না পারি, তাহলে টি কে গ্রুপও এখানে ইন্ডাস্ট্রি চালাতে পারবে না।” তিনি আরও বলেন, “সাবস্টেশনে যদি কোনো ত্রুটি হয়, তাহলে দরজা ভেঙে টি কে গ্রুপের ইন্ডাস্ট্রিতে ঢুকে সব তছনছ করে দেব।”
তিনি অভিযোগ করেন, বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তবে এসব অভিযোগের বিষয়ে টি কে গ্রুপের বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।
এ সময় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপি নেতা শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, বোয়ালখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে রয়েছেন। বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩৩ কেভি লাইনের স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বারবার ট্রান্সফরমার নষ্ট হওয়া ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ তদন্ত করে জনসম্মুখে প্রকাশের দাবিও জানান তারা।

মানববন্ধন থেকে টি কে গ্রুপের ইন্ডাস্ট্রির সামনে থাকা বিদ্যুৎ অবকাঠামো ও সাবস্টেশন সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান এবং বোয়ালখালীবাসীর স্বার্থে প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো বহাল রাখার দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দ্রুত বিদ্যুৎ সংকটের সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
