রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনের জানাজা ও দাফন সম্পন্ন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার সাচী গোমস্তার বাড়িতে নিজ বাসভবনে তিনি ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের কার্যক্রম পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।