
কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে পটিয়ায় মুন্সি সমিতির সাধারণ সম্পাদক নিহত, গ্রেপ্তার ১
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ তোহা প্রকাশ তোহা মুন্সি (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তোহা মুন্সি পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে মো. আনোয়ার নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তোহা মুন্সি তাঁর গাছের কলা চুরির বিষয়ে জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আনোয়ারের সঙ্গে বাবুল, এহাজার মিয়া, সাদ্দামসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তোহা মুন্সির ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. আনোয়ার (২৯)কে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পটিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply