
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাট পরিচালনার জন্য ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রথম হয়েছে আমানত শাহ্ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ৭ কোটি ১ লাখ টাকা দরপত্র দাখিল করে প্রথম স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
টেন্ডার সংক্রান্ত তথ্য অনুযায়ী, কালুরঘাট ফেরিঘাটের ২০২৬-২০২৯ মেয়াদের তিন বছরের টেন্ডারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমানত শাহ্ এন্টারপ্রাইজ ৭,০১,০০,০০০ টাকা দর দিয়ে প্রথম হয়েছে। টে-নাইট লিমিটেড ৪,৯৭,৪০,০০০ টাকা দর দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া মাহফুজ এন্ড ব্রাদার্স টেন্ডারে অংশগ্রহণ করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সর্বোচ্চ দরদাতা হিসেবে আমানত শাহ্ এন্টারপ্রাইজ প্রথম হওয়ায় প্রতিষ্ঠানটিই উল্লিখিত মেয়াদের জন্য কালুরঘাট ফেরিঘাটের টেন্ডার পেয়েছে।
কালুরঘাট ফেরিঘাট চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সঙ্গে নগরীর যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নৌপথ। দীর্ঘদিন ধরে এ ফেরিঘাট দিয়ে বিভিন্ন শ্রেণির যানবাহন ও যাত্রী পারাপার হয়ে আসছে।
নতুন টেন্ডারের আওতায় আগামী তিন বছর কালুরঘাট ফেরিঘাটের পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply