
বোয়ালখালী সংবাদ:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুলাতল থেকে বাহা সিঙ্গেল সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে একাকার হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সময়ের সঙ্গে এলাকার বিভিন্ন স্থানে উন্নয়ন হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটির দুর্ভোগ যেন কাটছেই না।
সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি, রোগী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এছাড়া আশপাশে রেলস্টেশন ও মাদ্রাসা থাকায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করেন।
বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যানবাহন চলাচলে সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা কারও বিরুদ্ধে অভিযোগ করতে চান না। তাদের একমাত্র দাবি, দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও স্থায়ী উন্নয়ন করা হোক।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি), পৌর কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, একটি নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক কোনো বিলাসিতা নয়; এটি মানুষের মৌলিক প্রয়োজন। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Leave a Reply