
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন ১০ নম্বর চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ সংলগ্ন পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি ধূসর রঙের ইয়ামাহা FZS V2 মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেলের চালক মোহাম্মদ রবিউল হোসেন রায়হান (২৮) এবং আরোহী রবিউল হোসেন ওরফে রবি (৩২)-এর দখল ও হেফাজত থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ রবিউল হোসেন রায়হান ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরং এলাকার বাসিন্দা। অপর আসামি রবিউল হোসেন ওরফে রবি বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোরলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply