
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীর দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে নতুন করে ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পটিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে বোয়ালখালী-২ (কানুনগোপাড়া) ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত বিকল্প রুটে এ নতুন লাইন নির্মাণ করা হবে।
সংশ্লিষ্ট দপ্তরের চিঠি সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ২০২৬ টিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ার পর বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়। বর্তমানে বিকল্পভাবে শিকলবাহা গ্রিড থেকে বোয়ালখালী-১ এবং পটিয়া গ্রিড থেকে বোয়ালখালী-২, পটিয়া-২ ও ওয়াসা ৩৩/১১ কেভি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তবে বিদ্যমান ৩৩ কেভি সোর্স লাইনগুলো জলাবদ্ধতা, খাল-বিল ও নিচু এলাকার মধ্য দিয়ে নির্মিত হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে পটিয়া গ্রিড থেকে পুরোনো ও জরাজীর্ণ ৩৩ কেভি সোর্স লাইনের মাধ্যমে একাধিক উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করায় অতিরিক্ত লোডের কারণে ফোর্সড লোড শেডিং করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে পটিয়া গ্রিডের অভ্যন্তরে বিউবোর্ডের একটি অব্যবহৃত ব্রেকার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রেকারটি চালু হলে সাময়িকভাবে লোড শেডিংয়ের সমস্যা কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পুরোনো লাইনের পাশাপাশি বিকল্প রুটে নতুন ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত নতুন লাইনটি পটিয়া গ্রিড–ইন্দ্রপুল বাইপাস–সুচক্রদণ্ডী–খানমোহনা রুটে প্রায় ৪ কিলোমিটার এলাকায় নির্মাণ করা হবে। এ পথে বিউবোর্ডের একাধিক বিদ্যমান বিদ্যুৎ লাইন রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিদ্যমান লাইন ক্রসিংয়েরও প্রয়োজন হতে পারে। তাই দ্রুত নির্মাণকাজ বাস্তবায়নে বিউবোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে প্রস্তাবিত ৩৩ কেভি সোর্স লাইনটি প্রায় তিন মাসের মধ্যে নির্মাণ করা সম্ভব।
নতুন এ বিকল্প সোর্স লাইন চালু হলে বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়বে এবং দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
বোয়ালখালীবাসীর পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে এমন উদ্যোগ গ্রহণ করায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি এবং বোয়ালখালীবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আশা করা হচ্ছে, নতুন এই ৩৩ কেভি সংযোগ স্থাপনের মাধ্যমে বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
বোয়ালখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।


Leave a Reply