
বোয়ালখালী সংবাদ : বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, বোয়ালখালীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বোয়ালখালী উপজেলা পরিষদের হল রুমে ১৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ মালিক-পরিবহন সমিতির নেতৃবৃন্দ, যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।
সভায় যাত্রীদের স্বার্থ সংরক্ষণ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—
১. সিএনজিতে যাত্রী ওঠানামার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. ইউএনও অফিস থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩. স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।
৪. প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫. নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার জন্য সিএনজি চালকদের নির্দেশনা দেওয়া হয়।
৬. নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সব সিএনজি চালক ও যাত্রীর মধ্যে প্রচারের জন্য মালিক-পরিবহন সমিতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

৭. যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা নির্ধারিত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

Leave a Reply