
বোয়ালখালী সংবাদ :
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজের নতুন পরিবেশে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনোযোগী হয়ে নিজেদের লক্ষ্য স্থির করতে হবে। তিনি বলেন, স্কুলের সংকীর্ণ ও আবদ্ধ পরিসর এবং বাঁধাধরা নিয়ম-কানুনের তুলনায় কলেজের পরিসর অনেক বেশি উদার। এখানকার সামগ্রিক পরিবেশও অপেক্ষাকৃত উন্মুক্ত ও স্বাধীন।
তিনি শিক্ষার্থীদের এই স্বাধীনতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আগামী দিনের জাতির কাণ্ডারি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আত্মনির্মাণ ও আত্মবিকাশের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য শওকত আলম, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইসহাক চৌধুরী, ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ এবং দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহেদা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আনোয়ারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুপর্ণা রায় চৌধুরী ও হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো. ইব্রাহিম শাহীন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াড। সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যময় শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
Leave a Reply