
বোয়ালখালী সংবাদ:
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতায় একাডেমিক ও উন্মুক্ত—দুটি ক্যাটাগরিতে প্রায় ৪০০ দাবাড়ু অংশগ্রহণ করেন।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এস এম তারেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী আবু আকতার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
প্রতিযোগিতায় একাডেমিক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাওয়াদ উল আবেদীন নুহাশ। দ্বিতীয় হন হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ মাহের।
অন্যদিকে, উন্মুক্ত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মো. মুজিবুর রহমান, দ্বিতীয় হন মো. রাব্বি সেলিম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. শাহিন করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা প্রতিযোগিতা সফল করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বোয়ালখালীতে প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে দাবা প্রতিযোগিতার আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply