
বোয়ালখালী সংবাদ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত বোয়ালখালী উপজেলার প্রার্থী যাচাই-বাছাই কমিটির কাছে ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও প্রার্থী যাচাই-বাছাই কমিটির সদস্য মেহেদী হাসান সুজন, শাহীনুর রহমান শাহীন, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যানের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে উঠে আসেন শহীদুল আলম শহীদ। তিনি শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, ওয়ান-ইলেভেনের সময় থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন শহীদুল আলম শহীদ। এ সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি কারাবরণ ও আত্মগোপনে ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন।
তাদের দাবি, নানা মামলা-হামলা, হয়রানি ও নির্যাতনের মধ্যেও শহীদুল আলম শহীদ শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের রাজনৈতিক মাঠ ছাড়েননি। দলীয় নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যানের আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে জানান তার অনুসারীরা।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শহীদুল আলম শহীদ।


Leave a Reply