
শেষ বিদায়ে মানুষের ঢল, বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু
বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র ও সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুকে শেষ বিদায় জানাতে জানাজায় নেমেছিল মানুষের ঢল। হাজারো মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হাজী আবুল কালাম আবুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মো. ইদ্রিচ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, মহানগর বিএনপির সদস্য ইয়াছিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শহীদুল্লাহ চৌধুরী ও হাজী আবু আকতারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামাত নেতা ডাঃ আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর ডাঃ খোরশেদ আলম।
বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর, দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মী এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও জানাজায় অংশ নেন। বিপুল মানুষের উপস্থিতিতে জানাজাস্থলে সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ।
জানাজার নামাজ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিভিন্ন সংগঠন পক্ষ থেকে মরহুম কবরে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দগণ।

জানাজায় স্মৃতিচারণ করে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “হাজী আবুল কালাম আবুর জানাজায় মানুষের উপস্থিতিই প্রমাণ করে, তিনি মানুষকে ভালোবাসতেন এবং মানুষও তাঁকে ভালোবাসত।” তিনি হাজী আবুল কালাম আবুর ভালো কাজের জন্য মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
এরশাদ উল্লাহ আরও বলেন, “এই জানাজা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। রাজনীতিতে যারা আছেন, তাঁদের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করলে মানুষ কখনো ভুলে যায় না। হাজী আবুল কালাম আবুর জানাজা সেটিই প্রমাণ করেছে।”
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজী আবুল কালাম আবু। পরে তাঁর মরদেহ নগরীর আছদগঞ্জ শুটকি পট্টিতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স কোরবান আলী সওদাগরের সামনে নেওয়া হয়। রাত ৮টার দিকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে পৌর প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
হাজী আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি, পৌরসভা বিএনপির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন হাজী আবুল কালাম আবু।

Leave a Reply